প্রিন্ট এর তারিখঃ জুন ২৮, ২০২৬, ১০:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৭, ২০২৫, ১১:৩৮ এ.এম
ভোলায় খতিবকে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার।। ভোলা সদর উপজেলার উত্তর চর নোয়াবাদ এলাকায় দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন মাওলানা আমিনুল ইসলাম নোমানী (৪৫)। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত মাওলানা নোমানী ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার মুহাদ্দিস ও সদর উপজেলা মসজিদের খতিব ছিলেন। একই সঙ্গে তিনি ইসলামী ঐক্য আন্দোলনের জেলা সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দীর্ঘ ১৫ বছর ধরে শিক্ষকতা ও খতিবের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। পাশাপাশি সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে নিজ বাড়িতে একটি মাদ্রাসাও প্রতিষ্ঠা ও পরিচালনা করছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার সময় তার স্ত্রী তজুমদ্দিনে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন এবং একমাত্র সন্তান পড়াশোনার কারণে লক্ষ্মীপুরে ছিলেন। ফলে তিনি বাসায় একাই ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এশার নামাজ শেষে বাসায় ফেরার কিছুক্ষণ পর তার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় তা ভেঙে ঢুকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। পরে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোবাশ্বিরুল হক নাঈম বলেন, “কেন কী কারণে এ হত্যার ঘটনা ঘটেছে, তা এখনো আমরা কিছুই জানতে পারিনি।”
ভোলা সদর থানার এসআই ফাইজুল হক জানান, লাশের সুরতহাল ও ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। তবে তাকে বেপরোয়া কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এমন পৈশাচিক ঘটনার প্রতিবাদে রাত সাড়ে ১০টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইমান আকিদা সংরক্ষণ কমিটি, ইসলামী ঐক্য আন্দোলনসহ বিভিন্ন ইসলামী সংগঠন ভোলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
সমাবেশে বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে চিরুনি অভিযান চালিয়ে প্রকৃত খুনিদের গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে রোববার (৭ সেপ্টেম্বর) হরতালের ঘোষণা দেন তারা।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামের সদর উপজেলা আমির মাওলানা কামাল হোসাইন, পৌর আমির জামাল উদ্দিন, ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোবাশ্বিরুল হক নাঈম এবং হেফাজতে ইসলামের জেলা সভাপতি মাওলানা মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক: আশরাফুল আলম সজিব
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । ভোলার কাগজ