আশরাফুল আলম সজিব।।ভোলার আবাসনে গ্যাস চাই আন্দোলন ও ভোলা-বরিশাল সেতু বাস্তবায়ন জাতীয় কমিটির আহবায়ক মাওলানা ওবায়দুর রহমান বিন মোস্তফা বলেন, বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে ভোলা হচ্ছে সবচেয়ে সমৃদ্ধশালী। আপনারা যদি ভদ্রভাবে গ্যাস চাইতে থাকেন তাহলে আগামী একশো বছরেও গ্যাস পাবেন না। ভোলাবাসী ভদ্রতার মুুখোশ পরিহার করে ব্রাহ্মণবাড়িয়া ন্যায় অবতীর্ণ হন, তা হলেই গ্যাস পাবেন; অন্যথায় নয়। আমরা সবাই যদি এক হই তাহলে ২ মাসের মধ্যে আমাদের দাবি আদায় হবে ইনশাল্লাহ।
তিনি আরো বলেন, আমরা দিন ক্ষণ তারিখ ঠিক করে সম্মিলিতভাবে আমাদের পকেটে যার যা আছে সবাই মিলে ফান্ড তৈরি করে ইন্ট্রাকো’র এলপিজি গ্যাস স্টেশনের সামনে রাতে থাকার জন্য থালা-বাসন-কম্বল নিয়ে সেখানে অবস্থান নেব। ১ সপ্তাহ, ২ সপ্তাহ, যতদিন লাগে ততদিন অবস্থান নেব। কোনো গাড়ি চলতে দেয়া হবে না। আপনারা আমাদের কাছ থেকে ৯৯ শতাংশ গ্যাস নেন, আমাদেরকে ১ শতাংশ দেন। কিন্তু আপনারা তাও আমাদেরকে দিবেন না; তা মেনে নেওয়া যায় না। ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার আয়োজনে সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় শহরের বিএফজি রেস্টুরেন্টে ইন্ট্রকো কোম্পানির সাথে অবৈধ গ্যাস চুক্তি বাতিল, ভোলার আবাসনে গ্যাস সংযোগ, ভোলা-বরিশাল সেতু বাস্তবায়নে রাজনৈতিক, সাংবাদিক, শিক্ষাবিদ, ছাত্র সমন্বয়ক, সমাজকর্মীসহ ভোলার বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দদের নিয়ে “ভোলা জেলার উন্নয়ন শীর্ষক গোলটেবিল আলোচনা সভা”য় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।
ওবায়েদ বিন মোস্তফা বলেন, জেলার প্রশাসনের লোকজন এখানকার স্থানীয় না, তাই তারা আমাদের দুঃখ-দুর্দশা বুঝেন না। ভোলা নিয়ে তাদের কোনো মাথা ব্যাথা নেই। তারা হচ্ছেন অতিথি পাখি, আজ আছেন তো দু-বছর পর আর নেই। আমাদের কর্মসূচি কিভাবে বাস্তবায়ন করব তা সকলের সিদ্ধান্তের মাধ্যমে নেয়া হবে। প্রয়োজনে আমরা রাতে ইন্ট্রাকোর গ্যাস স্টেশনের সামনে রাতে থাকবো, খিচুড়ি রান্না করবো, প্রয়োজন রোজা রাখবো এবং ভোলাকে ব্লকেট করা হবে, ওই রাস্তায় কোনো যানবাহন চলতে দেওয়া হবে না। এভাবে যদি করতে পারেন তাহলে ভোলায় গ্যাস ভোলায় থাকবে, অন্যথায় নয়। ভোলার দল-মত নির্বিশেষ সকলের সমন্বয়ে ভোলার দাবীগুলো বাস্তবায়ন করা হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজির সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা তরিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলার প্রবীণ সাংবাদিক এম এ তাহের, জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, সম্পাদক মোতাছিম বিল্লাহ্, সমাজকর্মী মোবাশ্বির উল্লাহ চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইয়ারুল আলম লিটন, আজকের ভোলার সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন, ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোবাশ্বিরুল হক নাঈম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভোলা গ্যাস রক্ষা আন্দোলন কমিটির সভাপতি সিদ্দিকুর রহমান, বাসস প্রতিনিধি আল-আমিন শাহরিয়ার, ছাত্রশিবির সভাপতি আব্দুল্লাহ আল আমিন, ছাত্র সমন্বয়ক মোঃ রহিম, ভোলা ডেভেলপমেন্ট ফোরাম সভাপতি রাজিব হায়দার, ভোলা ব-দ্বীপ ফোরামের আহবায়ক মীর মোশাররফ অমি, ভোলা জার্নালিস্ট ফোরাম সম্পাদক ইমরান হোসাইন, চ্যানেল ২৪ প্রতিনিধি আদিল হোসেন তপু, আর্কিটেক্ট পারভেজ রানা, শিক্ষক-সাংবাদিক মনিরুল ইসলাম, ইনকিলাব প্রতিনিধি জহিরুল হক, সাংস্কৃতিক কর্মী তালহা তালুকদার বাঁধন ও মাওলানা হেলাল উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে ভোলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক: আশরাফুল আলম সজিব