স্টাফ রিপোর্টার।। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলা-১ আসনে প্রচার-প্রচারণা আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। সোমবার (২৪ নভেম্বর) বিকেলে ভোলা পৌরসভার সদর রোড এলাকাজুড়ে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোঃ নজরুল ইসলামের গণসংযোগ ঘিরে সৃষ্টি হয় ভিন্নরকম উচ্ছ্বাস।
পৌর আমির মাওলানা জামাল উদ্দিনের নেতৃত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রার্থীকে সঙ্গে নিয়ে দলীয় নেতাকর্মীরা ব্যবসায়ী, ক্রেতা এবং সাধারণ মানুষের কাছে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চান। শপিংমল, বাজার এবং বিভিন্ন ব্যস্ত পয়েন্ট ঘুরে নজরুল ইসলাম ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং স্থানীয় উন্নয়ন, সমস্যা ও নাগরিক চাহিদা নিয়ে আলোচনা করেন।
স্থানীয় বাসিন্দাদের অনেকেই বলেন, অধ্যক্ষ নজরুল ইসলামের শান্ত-সুনিবিড় স্বভাব, মানবিক ব্যবহার এবং সহজভাবে কথা বলার ক্ষমতা তাদের কাছে আস্থার প্রতীক হিসেবে ধরা দিয়েছে। তারা মনে করেন—দল বা রাজনৈতিক মতপার্থক্য যাই থাকুক, একজন সৎ, নীতিনিষ্ঠ এবং সমাজসেবামুখী মানুষের নেতৃত্ব এলাকাবাসীর জন্য ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে।
বহু ভোটারই দাবি করেন, দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য, দুর্নীতি, দুঃশাসন, খুন-ধর্ষণ ও চাঁদাবাজির মতো অপরাধে মানুষের বিরক্তি চরমে পৌঁছেছে। তাই তারা এবার শান্তি, নিরাপত্তা এবং সুশাসনের প্রত্যাশায় দাঁড়িপাল্লা প্রতীককে এগিয়ে রাখতে চান।
গণসংযোগে জেলা ও উপজেলা জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য—জেলা জামায়াতের অর্থ সম্পাদক মাস্টার বেলায়েত হোসেন, প্রচার ও মিডিয়া সম্পাদক অধ্যাপক আমির হোসেন, নির্বাচন পরিচালক মাস্টার মোঃ নুরুল ইসলাম, সদর উপজেলা আমির অধ্যাপক মাওলানা কামাল হোসাইন, সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার, পৌর নায়েবে আমির মোঃ রুহুল আমিন, সহকারী সেক্রেটারি মেহেদী হাসান সুমন, কর্মপরিষদ সদস্য মাস্টার কামাল উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন ও মাহে আলম।
দলীয় সূত্র জানায়, সামনের দিনগুলোতে ভোলা সদর এলাকাজুড়ে দাঁড়িপাল্লার পক্ষের প্রচারণা আরও জোরদার হবে।
---
প্রকাশক ও সম্পাদক: আশরাফুল আলম সজিব