তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। বৈশাখের শুরু থেকেই ভোলায় তপামাত্রা বেড়েই চলেছে। তীব্র গরমে নিম্ন আয়ের মানুষের ভোগান্তি বেড়েছে। বৃষ্টির দেখা নেই, অন্যদিকে আবহাওয়া অফিস থেকে তাপমাত্রা কমার সুখবর মিলেনি। তপ্ত রোদে পুড়ছে ফসলের মাঠ। হাঁসফাঁস অবস্থা প্রাণিকূলে। তাই প্রচন্ড দাবদাহ থেকে রক্ষা পেতে এবং বৃষ্টির প্রত্যাশায় সালাতুল ইসতিসকার নামাজ আদায় করেছেন ভোলার চরফ্যাশনের ধর্মপ্রাণ মুসল্লিরা।
শনিবার (২৭ এপ্রিল) সকাল ৯ টায় চরফ্যাশন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ইসতিসকার নামাজ আদায় করা হয়। নামাজে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ অংশ গ্রহণ করেছেন। নামাজ শেষে বিশেষ মোনাজাত করা হয়। এসময় সৃষ্টিকর্তার কাছে নিজেদের পাপের জন্য অনুতপ্ত ও ক্ষমা চেয়ে অঝোরে কেঁদেছেন ইমাম ও মুসল্লিরা।

নামাজে ইমামতি ও মোনাজাত পরিচালনা করেন চরফ্যাশন কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদের ঈমাম মাওলানা মো. ইয়াছিন সাহেব।
তিনি জানান, মহান আল্লাহ রাব্বুল আলামীনের শরণাপন্ন হলে তিনি বিপদ-আপদ, দুঃখকষ্ট, বালা-মুসিবত অবশ্যই দূর করে দেন। দুনিয়ায় আল্লাহর অজস্র কুদরত ও নিদর্শনের মধ্যে বৃষ্টি এক বিশেষ নিদর্শন। বৃষ্টি পরিবেশের ভারসাম্য রক্ষা করে ও জমির উর্বরতা বৃদ্ধি করে। বৃষ্টি আল্লাহর খাস রহমতের নিদর্শন।
নামাজে অংশগ্রহণকারীরা জানান, কয়েক দিন যাবৎ ভোলা জেলাসহ সারাদেশে তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃষ্টি না হওয়ায় তীব্র গরমে কষ্ট ভোগ করছেন সকল শ্রেণি-পেশার মানুষ। তীব্র গরম থেকে মুক্তি পেতে আল্লাহর সাহায্য চেয়ে এই নামাজ আদায় করেন স্থানীয় মুসল্লিরা।
প্রকাশক ও সম্পাদক: আশরাফুল আলম সজিব