প্রিন্ট এর তারিখঃ জুন ২৯, ২০২৬, ৪:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৩, ২০২৪, ৮:৫৮ পি.এম
ভোলায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই ‘খুন’ আটক ২

ভোলায় জমি-জমা বিরোধকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছোট ভাইয়ের হাতে বড় ভাইকে খুনের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকাল (১১টার) দিকে ভোলা সদর উপজেলার রতনপুর ইউনিয়নের দক্ষিণ রতনপুর ৯নং ওয়ার্ডের নজির মেম্বার বাড়ীতে এ ঘটনা ঘটেছে। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করেছে পুলিশ। এছাড়া নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের দক্ষিণ রতনপুর গ্রামের আবদুল মালেক ও তার ছোট ভাই তাজল ইসলামের মধ্যে জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। এ নিয়ে বৃহস্পতিবার সকালে দুই ভাইয়ের পরিবারের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় তাজলের পরিবারের লোকজনের হামলায় ৭০ বছর বয়সী বড় ভাই আবদুল মালেক ঘটনা স্থলেই মারা যান। এসময় মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন তাজলের আরেক ভাই মজনু। তাকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার জানান, ঘটনাস্থলে থানা পুলিশ এবং ডিবি পুলিশ কাজ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক: আশরাফুল আলম সজিব
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । ভোলার কাগজ