
স্টাফ রিপোর্টার।। ভোলার আলীনগরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় প্রায় দেড় ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ থাকে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুনরায় ভোটগ্রহণ শুরু করা হয়।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে সদর উপজেলার আলীনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আলীনগর স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
কেন্দ্র সংশ্লিষ্ট সূত্র জানায়, সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছিল। হঠাৎ কেন্দ্রের গেটে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় লাইনে দাঁড়িয়ে থাকা নারী-পুরুষ ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে দিগ্বিদিক ছোটাছুটি করেন।
প্রিজাইডিং অফিসার মো. ওমর ফারুক জানান, বিস্ফোরণের পরপরই ৬০ থেকে ৭০ জনের একটি দল মহিলা ভোটকক্ষে প্রবেশ করে ব্যালট পেপার ছিনতাই ও সিল মারার চেষ্টা করে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা পালিয়ে যায়।
তিনি আরও জানান, ঘটনায় ৭৬টি ব্যালট পেপার বাতিল করা হয়েছে। বাতিল ব্যালটগুলোর মধ্যে উল্টাপাল্টা সিল দেওয়া ছিল এবং অধিকাংশ ব্যালটে ‘গরুর গাড়ি’ প্রতীকে সিল পাওয়া গেছে। এছাড়া ৫৬টি ব্যালট পেপার ছিনতাই হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়। প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকার পর দুপুর ৩টার দিকে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, সকাল থেকে অধিকাংশ কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছিল। আলীনগর কেন্দ্রে একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। বাতিল ব্যালট আলাদা করে সংরক্ষণ করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
উল্লেখ্য, আলীনগর স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৫ হাজার ৩৫০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ হাজার ৬৭০ জন এবং মহিলা ভোটার ২ হাজার ৬৮০ জন।