আশরাফুল আলম সজিব, ভোলা।। বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) বিএনপি জোট থেকে ভোলা-১ (সদর) আসনে মনোনয়ন না পেলেও, নিজস্ব দলীয় প্রতীক গরুর গাড়ি মার্কা নিয়ে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ নেতৃত্বাধীন বিজেপি। এর অংশ হিসেবে বুধবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ভোলা নতুন বাজার জেলা কার্যালয়ের সামনে থেকে নির্বাচনী প্রচারনা ও র্যালী বের করে দলটি।
পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে জেলা কার্যালয়ের সামনে সমবেত হন। পরে একটি র্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কার্যালয়ে এসে শেষ হয়। র্যালীতে নেতাকর্মীরা গরুর গাড়ি মার্কাসহ বিভিন্ন স্লোগানে পুরো পরিবেশ সরব করে তোলেন।
আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় আওয়ামী এ কর্মসূচি।
র্যালী শেষে এক পথসভায় জেলা সাধারণ সম্পাদক আলহাজ্ব মোতাছিম বিল্লাহ বলেন—কেউ ভেঙে পড়বেন না। ভোলা-১ আসনে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ গরুর গাড়ি মার্কায় নির্বাচন করবেন। আমরা তার জন্য মাঠে আছি এবং থাকবো।
এ সময় উপস্থিত ছিলেন—সদর উপজেলা বিজেপির সাধারণ সম্পাদক আবুল বাশার বুলবুল, জেলা যুব সংহতির আহ্বায়ক নূরে আলম ছিদ্দিক টিটু, সদস্য সচিব আনোয়ার হোসেন, সেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক মোঃ গোলাম হোসেন, জেলা শ্রমিক পার্টির সভাপতি আলহাজ্ব জামাল উদ্দিন চকেট,জেলা ছাত্র সমাজের সভাপতি মানষ ঘোষ শান্তসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য, মনোনয়নকে কেন্দ্র করে গত ১ নভেম্বর বিএনপি ও বিজেপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরবর্তীতে ভোলা সদর উপজেলা বিএনপির কার্যক্রম স্থগিত করে কেন্দ্রীয় বিএনপি। পরে ৩ নভেম্বর ভোলা-১ আসনে বিএনপির মনোনয়ন পান আলহাজ্ব গোলাম নবী আলমগীর।
এ প্রেক্ষাপটে বিজেপির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে—ভোলা-১ এ আমরা দলীয় প্রতীকে নির্বাচন করবো।