স্টাফ রিপোর্টার।। ভোলায় থ্যালাসেমিয়ায় আক্রান্ত দরিদ্র যুবক মো. ঈমন (১৮)-এর চিকিৎসার পূর্ণ দায়িত্ব নিয়েছেন স্থানীয় গণমাধ্যম কর্মীরা। এতে নতুন আশার আলো দেখেছে হতদরিদ্র এই পরিবারের সদস্যরা।
ইমন ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের মহাজনের পোল এলাকার রিকশাচালক আবুল বাশারের ছেলে। প্রায় সাত বছর আগে তার দেহে থ্যালাসেমিয়া রোগ ধরা পড়ে। ছেলের চিকিৎসার খরচ জোগাতে আবুল বাশার ইতিমধ্যেই নিজের জমি ও বসতভিটা বিক্রি করেছেন। বর্তমানে তারা অন্যের বাড়িতে ভাড়া থাকেন।
ইমন জানান, প্রতি মাসে প্রায় দুই হাজার টাকার ওষুধ লাগে, নিয়মিত রক্ত দিতে হয়। বাবার আয় ও আমার সামান্য চাকরির টাকায় চিকিৎসা চালানো অসম্ভব হয়ে পড়েছিল। অবশেষে ভোলা জার্নালিস্ট ফোরামের সভাপতি শাহিন কাদের ভাই আমার পাশে দাঁড়িয়েছেন — এটা আমাদের পরিবারের জন্য আশীর্বাদ।

ভোলা জার্নালিস্ট ফোরাম’-এর সভাপতি মো. শাহিন কাদের বলেন, আজ শনিবার (৪ সেপ্টেম্বর)থেকে ইমনের চিকিৎসা, ওষুধ ও রক্তের যাবতীয় ব্যয় ভোলা জার্নালিস্ট ফোরামের সদস্যরা বহন করবেন। আগামী ছয় মাসের মধ্যে আমরা তাকে ঢাকায় উন্নত চিকিৎসার ব্যবস্থা করবো।
তিনি আরও জানান, আজ আমি নিজেই ইমন’কে এক ব্যাগ রক্ত দিয়েছি, পরবর্তীতে আমাদের সংগঠনের যেসব সদস্যের রক্তের গ্রুপ এ-পজেটিভ, তারাও নিয়মিত রক্ত দেবেন।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন বলেন, ইমনের বিষয়টি জানার পর আমরা সংগঠনের জরুরি বৈঠকে বসে সবার সামর্থ্য অনুযায়ী সাহায্যের সিদ্ধান্ত নিয়েছি। তার পাশে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।
মানবতার এই উদ্যোগে ভোলার গণমাধ্যম কর্মীদের প্রশংসা করছেন স্থানীয় সচেতন মহল। তাঁরা বলছেন — সংবাদের বাইরে গিয়ে এভাবেই মানুষ ও মানবতার পাশে দাঁড়ানোই প্রকৃত সাংবাদিকতার পরিচয়।