নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, নির্বাচনে সাংবাদিকদের কাজে বাঁধা ও ক্যামেরায় হাত দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ সময় তিনি বলেন, একটা জাল ভোট পড়লে ওই কেন্দ্রে ভোট বন্ধ করে পুনরায় ভোট নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন।
জাতীয় সংসদ নির্বাচনের মতো উপজেলা পরিষদ নির্বাচনেও কোনো অনিয়ম হলে কঠোর হস্তে দমন করা হবে।
শুক্রবার (১৭ মে) বিকেলে ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে ভোলায় সকল উপজেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে সকল প্রার্থীদের নিয়ে নির্বাচনী আচরণবিধি ও অন্যান্য সকল বিধিনিষেধের বিষয়ে মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন নির্বাচন কমিশনার।
তিনি বলেন,এমন নির্বাচন উপহার দিবো ভোলাবাসীর কাছে যেন অনুকরণীয় হয়ে থাকে।
মো. আহসান হাবিব খান আরও বলেন, যেভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করেছি, সেভাবেই উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচন হবে সুষ্ঠু ও নিরপেক্ষ।
এ সময় জেলা প্রশাসক আরিফুজ্জামান, পুলিশ সুপার মাহিদুজ্জামান, র্যাব, কোস্ট গার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।