• রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

বিএনপি এলে আওয়ামী লীগ পলায়, আওয়ামী লীগ এলে বিএনপি পলায়—আমরা পালাবো না: ভোলায় মুফতি সৈয়দ রেজাউল করিম

আশরাফুল আলম সজিব।। / ২৬৩ বার ভিউ
আপডেট : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

আশরাফুল আলম সজিব।। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগ পলায়, আবার আওয়ামী লীগ ক্ষমতায় এলে বিএনপি পলায়। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় এলে আমরা পালিয়ে যাবো না। আমরা এসেছি দেশের পরিবর্তনের জন্য, মানবতার মুক্তির জন্য এবং দেশের টাকা যেন বিদেশে পাচার না হয়—সে লক্ষ্যেই আমাদের এই রাজনীতি।

রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভোলা সরকারি স্কুল মাঠে অনুষ্ঠিত হাতপাখা প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতি সৈয়দ রেজাউল করিম বলেন, ইসলামি আন্দোলন ছাড়া দেশে জামায়াত-বিএনপি জোট কখনোই ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না। জামায়াত নিজেরাই ঘোষণা দিয়েছে, তারা শরিয়াহ অনুযায়ী দেশ চালাবে না। বাংলাদেশে একমাত্র ইসলামী আন্দোলনই এমন একটি দল, যারা শুধু ইসলামের বাক্স রক্ষার জন্য ২৫৮টি আসনে এককভাবে প্রার্থী দিয়েছে।
তিনি আরও বলেন, ৫৪ বছর পর এসে যারা মধু মেখে ইসলামের কথা বলছে, তাদের কথায় বিশ্বাস করা বোকামি ছাড়া কিছু নয়। ইসলাম ও হাতপাখা প্রতীকের পক্ষে যদি আমরা ভোটের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারি, তাহলে দুনিয়াতেও শান্তি আসবে, আখিরাতেও শান্তি নিশ্চিত হবে। ইসলামের পক্ষে একটি ভোট মানেই ইসলামের শক্তি বৃদ্ধি।
ভোলাবাসীর উদ্দেশে তিনি বলেন, দেশের পরিবর্তনের জন্য ভোলায় হাতপাখা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে হবে। তাহলে ভোলাবাসীর মুখে আল্লাহর ফজলে হাসি ফুটবে, হবে টেকসই উন্নয়ন, আর ভোলা হবে দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত।
ভোলা সদর–১ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা মোঃ ওবায়দুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা মামুনুর রশিদ খান, কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক মাওলানা কে এম শরিয়তুল্লাহ, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মাওলানা নুরুল করিম আকরাম, বিশিষ্ট লেখক ও গবেষক মুফতি হাবিবুর রহমান মিজবা।
এছাড়াও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজী, সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন:


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

সার্চ করুন


ক্যাটাগরি


আর্কাইভ