ভোলার বোরহানউদ্দিনে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের খুঁজে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সামগ্রি ও হাইজিন কিট পৌছে দিলেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান-উজ্জামান।
২৭ মে সোমবার গভীর রাতে ও ২৮ মে মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নের বেড়িবাঁধ এলাকা,প্রত্যন্ত অঞ্চল,নদী ভাঙ্গন কবলিত এলাকায় ক্ষতিগ্রস্তদের খুঁজে খুঁজে প্রকৃত ভাবে যাদের ঘূর্ণিঝড় রিমালের কবলে পড়ে বাড়িঘর বিধ্বস্ত হয়েছে তাদেরকেই সহযোগিতা করেছেন তিনি।
প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সামগ্রি পেয়ে হতদরিদ্র ক্ষতিগ্রস্তদের মুখে হাসি ফুটেছে।তারা বলেন,এর আগে এমন যাচাই-বাছাই করে কেউ কোনদিন তাদের সহযোগিতা করেন নি,তারা প্রকৃত ভাবে সুবিধাভোগী হলে ও ত্রাণ পাননি বরং বিত্তবানরা পেয়েছে। এবার ইউএনও নিজেই তাদের খুঁজে খুঁজে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে উপহার পৌছে দিয়েছেন যা নজিরবিহীন।
একাধিক সুবিধাভোগী বলেন,আমরা গরীব মানুষ আমাগো ইউএনও স্যার সহযোগিতা করেছেন,প্রধানমন্ত্রীর উপহার দিছে,আমরা প্রধানমন্ত্রী লগি দোয়া করি আল্লাহ তারে ভালো রাখুক।
এ বিষয়ে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান-উজ্জামান বলেন,বোরহানউদ্দিনে ১৯১ টি বসতঘর আংশিক বিধ্বস্ত হয়েছে ,৩৭ টি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে,১১ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত,আংশিক ১৮৭ হেক্টর।
তিনি বলেন,৯ টি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ৭ হাজার জনের মাঝে সহায়তা হিসেবে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে ,হাইজিন কিট ১৫০ জনের মাঝে বিতরণ করা হয়েছে,ত্রাণ সহায়তা হিসেবে ১৫০ জনের মাঝে (৮ আইটেমের প্যাকেজ) প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বিতরণ করা হয়েছে এবং সাচড়া ইউনিয়নে নিহত ১ টি পরিবারের মাঝে নগদ সহায়তা ১৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
এছাড়াও বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান-উজ্জামান এর নির্দেশে বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমরান জাহিদ খান ও ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বোরহানউদ্দিন থানার ওসি শাহীন ফকির বিপিএম ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।