
আশরাফুল আলম সজিব।। ভোলায় হৃদয়বিদারক এক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ইসলামী ঐক্য আন্দোলনের ভোলা জেলা সেক্রেটারি, ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার মুহাদ্দিস ও সদর উপজেলার এক মসজিদের খতিব মাওলানা আমিনুল হক নোমানী নিজ পুত্রের হাতে খুন হয়েছেন!
পুলিশ জানায়, নিহতের ছেলে মো. রেদওয়ান (১৭) কে শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। শনিবার সকালে ভোলার পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ সুপারের ভাষ্য অনুযায়ী, বাবা নোমানীর কড়া শাসনের কারণেই ক্ষুব্ধ ছিল রেদওয়ান। একাধিকবার আত্মহত্যার চেষ্টা করার পাশাপাশি বাবাকে হত্যার পরিকল্পনাও করে সে। কয়েকদিন আগে অনলাইনে ধারালো ছুরি অর্ডার করে আনে।
গত ৬ সেপ্টেম্বর রাত ৯টার দিকে সদর উপজেলার উত্তর চর নোয়াবাদ এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। এশার নামাজ শেষে নোমানী বাসায় ফিরে কম্পিউটারে কাজ করছিলেন। হঠাৎ রেদওয়ান দরজা খোলার অনুরোধ করলে নোমানী দরজা খোলেন। মুহূর্তেই সে ছুরি দিয়ে পিতার গায়ে আঘাত হানে। চিৎকার দিলে মৃত্যু নিশ্চিত করতে একাধিকবার ছুরিকাঘাত করে পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়।
হত্যাকাণ্ডের পর থেকেই আলেম-ওলামা ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। টানা ছয় দিন তদন্ত চালায় আইনশৃঙ্খলা বাহিনী। তিনটি গোয়েন্দা সংস্থার সমন্বিত প্রচেষ্টায় অবশেষে মূল রহস্য উদঘাটন হয় এবং রেদওয়ানকে গ্রেফতার করা হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, খুব মেধাবী ছিলেন মাওলানা নোমানী। তার ছেলে রেদওয়ানও মেধাবী। কিন্তু বাবার কড়া শাসনের কারণেই ক্ষোভ তৈরি হয়। অবশেষে সেই ক্ষোভই বাবাকে হত্যা করার মতো ভয়াবহ পরিণতি ডেকে আনে।
গ্রেফতারকৃত রেদওয়ানকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।