
আশরাফুল আলম সজিব।। ভোলায় সাংবাদিকের উপর হামলায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ভেলার গণমাধ্যম কর্মীরা।
শুক্রবার (২২ আগষ্ট) বিকালে দৌলতখান উপজেলায় মৎস্য বিভাগের ইলিশ সম্পদ উন্নয়ন ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের মাঝে বকনা বাছুর বিতরনে অনিয়মের তথ্য সংগ্রহ করতে গেলে সময় টিভি ও সমকাল পত্রিকার ভোলার স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন লিটন ও ক্যামেরা পার্সন উৎপল দেবনাথ’র উপর হামলা ও ক্যামেরা ভাংচুরের ঘটনা ঘটে। এর প্রতিবাদে আজ ভোলা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ভিজে ভোলার গণমাধ্যম কর্মীরা প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
শনিবার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে ভোলা প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সন্ত্রাসীরা কোন দলের হতে পারেনা। মব সৃষ্টি করে ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে তাদেরকে অবরুদ্ধ করে হামলা, মারধর ও ক্যামেরা ভাংচুর করেন। ঘটনার পর স্থানীয়দের সহযোগীতায় আহতদের উদ্ধার করে থানায় নিয়ে গেলে ওইসব সন্ত্রাসীরা থানায়ও সাংবাদিকদের অবরুদ্ধ করে রাখেন। এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত সময়ের মধ্যে হামলায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তারা।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক ও দৈনিক আজকের ভোলার সম্পাদক মো: শওকত হোসেন, ইনডিপেনডেন্ট টিভির প্রতিনিধি এ্যাডভোকেট নজরুল হক অনু, কালবেলা প্রতিনিধি ওমর ফারুক, বাসস প্রতিনিধি আল আমিন শাহরিয়ার, সময় টিভি স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন লিটন, চ্যানেল আই প্রতিনিধি হারুন অর রশিদ, আমার দেশ প্রতিনিধি ইউনুছ শরিফ,একুশে টিভি প্রতিনিধি মেসবাহউদ্দিন শিপু’সহ গণমাধ্যম নেতৃবৃন্দ।