ভোলায় ট্রাক চাঁপায় আবির হোসেন (১০) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার দুপুর সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, ভোলা সদর উপজেলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস স্ট্যান্ড থেকে বিশ্ব রোড হয়ে ঢাকা মেট্রো-ট-১৬৮৮৫৪ নামের একটি গাছ বোঝাই করা ট্রাক খেয়া ঘাটের দিকে যাচ্ছিল। মাইক্রো বাস কে সাইড করে ওভারটেক করার সময় রাস্তার ডান পাশে সাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা মাদ্রাসা শিক্ষার্থী মো. আবির হোসেন(১০) কে চাপা দেয়। এ সময় তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। অ্যাম্বুলেন্স যোগে ভেদুরিয়া লঞ্চঘাট হয়ে বরিশাল নেয়ার পথে লাহারহাট ঘাট এলাকায় পৌছলে রাত ৮টার দিকে সেখানে মারা যায়।
এদিকে স্থানীয় জনতা ঢাকা মেট্রো-ট-১৬৮৮৫৪ নামের ঘাতক ট্রাক টিকে আটক করেছে, ট্রাকের ড্রাইভার পালিয়ে গেলেও সাথে থাকা হেলপার কে আটক করে প্রশাসনের কাছে হস্তান্তর করেছে।
আবিরের বাবা মোঃ শাহিন হোসেন জানান, আল্লাহর দেয়া মাল আল্লাহ নিয়ে গেছে, তাই আর কারো বিরুদ্ধে আমার কোন অভিযোগ নেই।
এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান পাটোয়ারীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।