আশরাফুল আলম সজিব।।দক্ষিনাঞ্চলের উপকুলীয় দ্বীপ জেলা ভোলা ও নোয়াখালীর হাতিয়ার সাথে নৌ পথে বন্দর নগরী চট্রগ্রামের নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে নানা পদক্ষেপ হাতে নিয়েছে অন্তরবর্তী সরকার । তারই ধারাবাহিকতায় ২০ মার্চ থেকে চালু করা হয়েছে বিলাসবহুল দু’টি অত্যাধুনিক জাহাজ এমভি বারো আউলিয়া ও এমভি কর্ণফুলী এক্সপ্রেস ।
এ জাহাজ দু’টি প্রতিদিন ভোলার চরফ্যাশন, মনপুরা, ঢালচর ও নোয়াখালীর হাতিয়া হয়ে চট্টগ্রাম সদরঘাটে ভিড়বে। এই রুটে প্রতিদিন চলাচল করবে দুটি জাহাজ। একটি জাহাজ চট্রগ্রাম সদরঘাট থেকে যাত্রী নিয়ে সকাল ৮ টায় ছেড়ে এসে নোয়াখালীর সন্দ্বীপ ও হাতিয়া হয়ে ভোলার চরফ্যাশনে এসে পৌঁছবে। একই সময়ে অপর জাহাজ ভোলার চরফ্যাশন বেতুয়া ঘাট থেকে যাত্রী নিয়ে চট্রগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে। বিষয়টি নিশ্চিৎ করেছেন বারো আউলিয়া নামক জাহাজের ম্যানেজার মোঃ সাইফুল ইসলাম।
ইতিপূর্বে বছর দেড়েক আগে এ জাহাজ দু’টি এই রুটে মাসখানেক চলাচল করেছিলো। কিন্তু বিগত আ’লীগ সরকারের সময়ে আভ্যন্তরিন নৌ রুটের অসাধু দলীয় লঞ্চ মালিকরা নিজেদের স্বার্থে সিন্ডিকেট করে এ জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছিলো।
অবশেষে অন্তর্বর্তীকালীন সরকারের নৌ- পরিবহন উপদেষ্টার হস্তক্ষেপে বৃহস্পতিবার ২০ মার্চ থেকে উপকুলীয় অঞ্চলের জেলা ভোলা – নোয়াখালী – চট্রগ্রাম রুটে নিয়মিত যাত্রীবাহী এ জাহাজ চালু করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জাহাজ দু’টি প্রতিদিন ছেড়ে এসে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় ঘাট করে। হাতিয়া থেকে ভোলার জেলার মনপুরা উপজেলার ঢালচর ও রামনেওয়াজ লঞ্চঘাট দেবে। মনপুরা থেকে লালমোহন উপজেলার মঙ্গল শিকদার ঘাট হয়ে চরফ্যাশন উপজেলার বেতুয়া লঞ্চঘাটে ভিড়ে যাত্রাবিরতি দেবে।
একই নিয়মে অপর জাহাজটিও প্রতিদিন উভয় এলাকা থেকে চলাচল করবে।
এব্যাপারে বারো আউলিয়া লঞ্চের ম্যানেজার মোঃ সাইফুল ইসলাম বলেন, ২০ মার্চ থেকে উপকূলীয় যাত্রী সেবা চালু হয়েছে। দু’টি বিখ্যাত উপকূলীয় যাত্রীবাহী জাহাজ এমভি বারো আউলিয়া ও এমভি কর্ণফুলী এক্সপ্রেস চট্টগ্রাম থেকে বেতুয়া নৌ রুটে সরাসরি নিয়মিত চলাচল করবে। যা যাত্রীদের জন্য একটি আরামদায়ক ও নির্ভরযোগ্য ভ্রমণের অভিজ্ঞতা নিশ্চিত করবে এবং নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।
এ বিষয়ে বিআই ডব্লিউ টিসি’র ভোলা অঞ্চলের ম্যানেজার (মেরিন) মো: আল-আমিন জানান,বারো আউলিয়া জাহাজটি সরকারের অত্যন্ত নির্ভরযোগ্য ও দ্রুতগতি সম্পন্ন নৌ-যান,যা উপকুলবাসীর জন্য খুবই গুরুত্ববহন করবে। অপর জাহাজ কর্ণফুলী এক্সপ্রেস ব্যাক্তি মালিকানাধীন হিসেবে আমাদের দপ্তরের সাথে সমন্বয় করে যাত্রী বহন করে চলাচল করবে।