• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার শতবর্ষ উদযাপন উপলক্ষে অ্যালামনাই রেজিস্ট্রেশন উদ্বোধন

স্টাফ রিপোর্টার।। / ৩৭৭ বার ভিউ
আপডেট : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

স্টাফ রিপোর্টার।। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ভোলা দারুল হাদিস কামিল (স্নাতকোত্তর) মাদরাসা শতবর্ষে পদার্পণ করেছে। এই উপলক্ষে শনিবার (৪ অক্টোবর) সকালে মাদরাসার সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে অ্যালামনাইদের অনলাইন ও অফলাইন রেজিস্ট্রেশন উদ্বোধন করা হয়।
শতবর্ষ উদযাপন পরিষদের আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ ইসমাইল হোসেন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার উপাধ্যক্ষ ও বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আলহাজ মাওলানা মোবাশ্বিরুল হক নাঈম।
স্বাগত বক্তব্যে তিনি বলেন, ভোলা দারুল হাদিস মাদরাসা শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি মুসলিম সমাজের শিক্ষা, সংস্কৃতি, সমাজ সংস্কার ও জাতীয় জাগরণের ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়। ১৯১৩ সালের ১ জানুয়ারি যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানের শতবর্ষ উদযাপন ইতিহাসের গৌরবময় ধারাকে নতুনভাবে আলোকিত করবে।
আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন, শতবর্ষ উদযাপনকে ঘিরে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। দেশ-বিদেশে ছড়িয়ে থাকা অসংখ্য প্রাক্তন ছাত্রদের মিলনমেলায় এটি পরিণত হবে এক ঐতিহাসিক আয়োজন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভোলা জেলা জজ আদালতের অতিরিক্ত পিপি এডভোকেট মো. ইউসুফ, জনতাবাজার জিয়াউর রহমান কলেজ চরফ্যাশনের অধ্যক্ষ মো. ইউনুস শরীফ, মধ্য ইলিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মো. ফরিদ উদ্দিন, নাজিউর রহমান কলেজের সাবেক অধ্যক্ষ মো. মাকসুদুর রহমান, এবং দক্ষিণ রুহিতা এরহমানিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. মুছা কালিমুল্লাহ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন হালিমা খাতুন কলেজের সহকারী অধ্যাপক মো. শফিকুল ইসলাম।
শতবর্ষ উদযাপন অনুষ্ঠান আগামী ৩০ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার সকাল ১০টা, মাদরাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। অ্যালামনাই রেজিস্ট্রেশনের শেষ তারিখ ৩১ অক্টোবর ২০২৫ নির্ধারণ করা হয়েছে।
এছাড়া শতবর্ষ পূর্তি উদযাপন উপদেষ্টা পরিষদ, উদযাপন পরিষদ ও বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়েছে। প্রকাশিত হবে একটি স্মরণিকা এবং প্রস্তাবিত বাজেটও গৃহীত হয়েছে। প্রতি অ্যালামনাইয়ের জন্য রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ২,০০০ টাকা। এই আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী ভোলা দারুল হাদিস কামিল মাদরাসা তার গৌরবময় এক শতবর্ষের ইতিহাসে পদার্পণ করল নতুন স্বপ্ন আর প্রত্যয়ের বার্তা নিয়ে।

শেয়ার করুন:


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

সার্চ করুন


ক্যাটাগরি


আর্কাইভ