• রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

ভোলা-১ আসনে হাতপাখা প্রতীকের নির্বাচনী জনসভা, রোববার জানাল ইসলামী আন্দোলন বাংলাদেশ

আশরাফুল আলম সজিব।। / ২০৯ বার ভিউ
আপডেট : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

আশরাফুল আলম সজিব।। ভোলা-১ আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা ওবায়দুর রহমানের নির্বাচনী জনসভা আগামী রোববার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে শনিবার ভোলা প্রেসক্লাবে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, আগামী ৮ ফেব্রুয়ারি (রোববার) বিকেল ৪টায় ভোলা সরকারি স্কুল মাঠে হাতপাখা প্রতীকের প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (চরমোনাই পীর সাহেব)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সেক্রেটারি মুফতি রেজাউল করিম আব্বাসী।
প্রেস ব্রিফিংয়ে হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা ওবায়দুর রহমান বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে ভোলাকে একটি মডেল আসনে রূপান্তরের লক্ষ্যে আমরা বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণ করেছি।
তিনি তার নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে বলেন, ভোলা খনিজ সম্পদে সমৃদ্ধ হলেও শিল্পকারখানার অভাবে শিক্ষিত যুবসমাজ আজ বেকারত্বের মুখে। নির্বাচিত হলে গ্যাসভিত্তিক শিল্পকারখানা স্থাপনের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। প্রতিবছর নদীভাঙনে ভোলার বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়—এ থেকে রক্ষা পেতে স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। এছাড়া ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করতে ভোলা-বরিশাল সেতু নির্মাণে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হবে। পাশাপাশি ভোলায় একটি মানসম্মত মেডিকেল কলেজ স্থাপন ও উন্নত চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি।
এ সময় তিনি অভিযোগ করে বলেন, নির্বাচনী প্রচারণায় বিভিন্ন স্থানে বাধা দেওয়া হচ্ছে এবং নির্বাচনী বিলবোর্ড ছিঁড়ে ফেলা হচ্ছে। তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে জনগণ সচেতন রয়েছে।
সংবাদ সম্মেলন শেষে তিনি নির্বাচন কমিশনের প্রতি সকল প্রার্থীর জন্য সমান সুযোগ ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।
প্রেস ব্রিফিংয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা ও নির্বাচন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

সার্চ করুন


ক্যাটাগরি


আর্কাইভ