আশরাফুল আলম সজিব।। বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, শেখ হাসিনা শ্লো পয়জনিং করে খালেদা জিয়াকে হত্যা করতে চেয়েছিল। আল্লাহ সেই অত্যাচারীর বিচার করেছেন। পালানোর সময় একটি শাড়ী নিয়েও হাসিনা যেতে পারেনি। বর্তমান অন্তর্তী সরকারের উপদেষ্টা পরিষদের মধ্যেও শেখ হাসিনার দোসর রয়েছে। এসব দোসরদের চিহ্নিত করে সরিয়ে দিতে হবে। আ’লীগের কোনো নেতাকর্মীকে বিএনপিতে ঢুকতে দেয়া যাবেনা। যারা ভোট পাবেনা তারাই পিআর পদ্ধতি চায়। কিন্তু বাংলাদেশের জনগন পূর্বের নিয়মে নিজেদের নেতা নির্বাচিত করতে ব্যালটেই ভোট চান। শনিবার (২৬ জুলাই) বেলা আড়াইটায় ভোলার লালমোহন উপজেলা ও পৌর বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি ইউনুস সরকারের সমালোচনা করে মেজর হাফিজ বলেন, জুলাই বিপ্লবে নিহত ও আহতদের কোন খোঁজখবর নিচ্ছেননা অন্তর্বর্তী সরকার। কেননা এই সরকারের উপদেষ্টাদের মধ্যেই হাসিনার দোসর রয়েছে। ঢাকার রাজপথে জুলাই বিপ্লবে লালমোহন-তজুমদ্দিনের ১৩ জন সাধারণ মানুষ শহীদ হন। তিনি তাদের রুহের মাগফিরাত কামনা করেন। তিনি বলেন, আমি একজন বীর মুক্তিযোদ্ধা। আমাকে হাসিনা সরকার চিকিৎসার জন্য বিদেশে যেতে দেয়নি। গণতন্ত্রকে দূরে সরিয়ে দেয়ার কারনেই হাসিনার পতন হয়েছে।
লালমোহন উপজেলা বিএনপির সভাপতি তাহারাত হাফিজের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য দেন-বিএনপির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আ ক ন কুদ্দুসুর রহমান,উদ্বোধক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমত উল্লাহ, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর,ভোলা জেলা বিএনপির সিঃ যুগ্ন আহবায়ক শফিউর রহমান কিরন,ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম। লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল পাঞ্চায়েতের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক হুমায়ূন কবির সোপান,ভোলা জেলা বিএনপির যুগ্ন আহবায়ক হারুন অর রশিদ ট্রুমেন, যুগ্ন আহবায়ক ফজলুর রহমান বাচ্চু মোল্লা, ভোলা সদর উপজেলা সদস্য সচিব হেলাল উদ্দিন প্রমূখ।
সম্মেলনেরর দ্বিতীয় সেশনে মো: আবু জাফরকে সভাপতি ও মো: সফিকুল ইসলাম বাবুলকে সাধারণ সম্পাদক মনোনীত করে ১০১ সদস্য বিশিষ্ট উপজেলা বিএনপির পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। একই সেশনে সাদেক ঝান্টু কে সভাপতি ও কামরুজ্জামাম বাবুল পাটওয়ারী কে সাধারণ সম্পাদক মনোনীত করে ১০১ সদস্য বিশিষ্ট লালমোহন পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।