আশরাফুল আলম সজিব।। গুজব প্রতিরোধে গণমাধ্যমই সবচেয়ে কার্যকর ও প্রধান হাতিয়ার উল্লেখ করে বক্তারা বলেন—বাংলাদেশের এমন কোনো তথ্য নেই, যা গণমাধ্যমের কাছে নেই। তাই গুজব দমন করতে হলে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।
বক্তারা বলেন, আইন-আদালত গুজবের প্রভাব কমাতে পারে, কিন্তু সম্পূর্ণ প্রতিরোধ করতে পারে না—এ দায়িত্ব গণমাধ্যমকেই নিতে হবে।গুজব প্রতিরোধে গণমাধ্যম কর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় এসব মত প্রকাশ করা হয়।
বুধবার (৫ নভেম্বর) ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বরিশাল আঞ্চলিক তথ্য অফিসের আয়োজনে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় ভিডিও কনফারেন্সে সম্মানিত অতিথি হিসেবে যুক্ত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার মোঃ নিজামূল কবীর। সভায় সভাপতিত্ব করেন বরিশাল অঞ্চলের উপপ্রধান তথ্য অফিসার মোছাঃ আফরোজা নাইচ রিমা। প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান এবং বিশেষ অতিথি ছিলেন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। বরিশাল আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার আহসান কবির সভা পরিচালনা করেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন—ভোলা প্রেসক্লাবের আহ্বায়ক অ্যাডভোকেট আমিরুল ইসলাম বাসেত,জেলা তথ্য অফিসার মোঃ শাহ আব্দুর রহিম নুরনবী, দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব শওকাত হোসেন, দৈনিক অমৃতালোকে’র সম্পাদক আহাদ চৌধুরী তুহিন, দৈনিক ভোলার বাণীর সম্পাদক মাকসুদুর রহমান, এছাড়াও বিভিন্ন জাতীয় ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।
বক্তারা আরও বলেন—সত্য, দায়িত্বশীলতা ও যাচাইকৃত তথ্যের ওপর ভিত্তি করে সংবাদ পরিবেশনই গুজব প্রতিরোধের সর্বোত্তম উপায়।