• বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

ভোলায় মীর আমীর হোসেনের রাজকীয় বিদায় সংবর্ধনা

স্টাফ রিপোর্টার।। / ৫৩ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

স্টাফ রিপোর্টার।। ভোলার কাচিয়া ইউনিয়নের সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মীর আমীর হোসেনকে রাজকীয় আয়োজনে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আয়োজনে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এরপর বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা ফুলের মালা ও ক্রেস্ট দিয়ে প্রিয় শিক্ষককে সম্মাননা প্রদান করেন। বিদায়ী বক্তব্য ও স্মৃতিচারণে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়, যেখানে বক্তারা তাঁর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন।
জানা যায়, মীর আমীর হোসেন ১৯৯৫ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন এবং টানা প্রায় তিন দশক (৩১ বছর) নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। তাঁর উদ্যোগে এলাকায় শিক্ষা বিস্তারের পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়, কমিউনিটি ক্লিনিক, জামে মসজিদ, মাদ্রাসা ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান গড়ে ওঠে। ফলে পিছিয়ে পড়া এ জনপদে শিক্ষার আলো ছড়িয়ে পড়ে এবং বহু শিক্ষার্থী সমাজে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পায়।
প্রধান অতিথির বক্তব্যে প্রাক্তন সিভিল সার্জন ডা. আব্দুল মালেক বলেন, মীর আমীর হোসেন শুধু একজন শিক্ষক নন, তিনি এ অঞ্চলের শিক্ষার অগ্রদূত। তাঁর নিরলস পরিশ্রমে একটি ছোট প্রতিষ্ঠান আজ স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানে রূপ নিয়েছে।
বিদায়ী বক্তব্যে আবেগাপ্লুত মীর আমীর হোসেন বলেন, এই বিদ্যালয় আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ। শিক্ষার্থীদের ভালোবাসা এবং সহকর্মী ও এলাকাবাসীর সহযোগিতা ছাড়া এতদূর আসা সম্ভব হতো না। আমি সবার কাছে কৃতজ্ঞ।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মীর মোয়াজ্জেম হোসেন বাহালুলের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসার আজহারুল হক আজাদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শেষপর্বে বিদ্যালয় ও এলাকাবাসীর পক্ষ থেকে সম্মাননা স্মারক, ফুলেল শুভেচ্ছা ও নগদ সম্মানী প্রদান করা হয়। পরে তাকে সসম্মানে বিদায় জানানো হয়।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও শান্তিময় জীবন কামনা করা হয়।

শেয়ার করুন:


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

সার্চ করুন


ক্যাটাগরি


আর্কাইভ