• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে ভোলায় সুন্দরবন গ্যাস অফিস সম্মুখে রাস্তা অবরোধ, বিক্ষোভ

আশরাফুল আলম সজিব / ৩১৭ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

আশরাফুল আলম সজিব।।ইন্ট্রাকোর গ্যাসচুক্তি বাতিলসহ ৫ দফা দাবীতে ভোলায় সুন্দরবন গ্যাস অফিস সম্মুখে অবস্থান,রাস্তা অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে আন্দোলনরত বৈষম্য বিরোধী ছাত্র-জনতা ও বিভিন্ন সামাজিক সংগঠন।
আজ মঙ্গলবার (২২ এপ্রিল)  সকাল সাড়ে ১০ টায় জেলা সদর ভোলার খেয়াঘাট সড়কের পার্শ্বে অবস্থিত সুন্দরবন গ্যাস ডিষ্ট্রিবিউশন কোম্পানী কার্যালয় সম্মুখে অবস্থান নিয়ে বিক্ষোভ ও প্রতিবাদসভা হয়। বিক্ষুব্ধরা ভোলা-বরিশাল,লক্ষ্মীপুর,চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে সড়ক অবরোধ করে রাখেন। জেলার সামাজিক সংগঠন “ব-দ্বীপ ফোরাম”,”আগামীর ভোলা” বদ্বীপ ছাত্রকল্যাণ সংসদ এবং “জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত মুক্তিযোদ্ধা পরিবার” ব্যানারে আয়োজিত এ আন্দোলনে সর্বস্তরের নারী-পুরুষ অংশ নেন। সকাল থেকেই বিক্ষুদ্ধরা সুন্দরবন গ্যাস অফিসের সামনে অবস্থান নিয়ে পাঁচদফা দাবী আদায়ের সংগ্রামে একিভূত হন। আন্দোলনকারীদের দাবিগুলো হলো- ভোলার গ্যাস ভোলায় ব্যবহার করতে হবে, ঘরে ঘরে গ্যাস সংযোগ দিতে হবে,ইন্ট্রাকোর সঙ্গে করা বিতর্কিত চুক্তি বাতিল করতে হবে, ভোলায় একটি মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন করতে হবে,জেলাব্যাপী হাসপাতালগুলোতে চিকিৎসকের শূন্য পদ পূরণ এবং একটি পাবলিক বিশ্ববিদ্যালয় ও ভোলা-বরিশাল সেতু নির্মাণ করতে হবে।
আন্দোলনরত সামাজিক “সংগঠন বদ্বীপ ছাত্রকল্যাণ সংসদের আহ্বায়ক রাহিম ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘ইন্ট্রাকো কর্তৃপক্ষের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। তারা আমাদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেছেন। গত শুক্রবার সকাল থেকে রোববার রাত পর্যন্ত আমাদের ডাকে ছাত্র-জনতা বিক্ষোভ,মানববন্ধন, মশাল মিছিল করেছেন এবং ইন্ট্রাকোর ৮টি গ্যাসবাহী গাড়ি আটক করা হয়। পরে নিরাপত্তার কথা বিবেচনা করে আমরা গাড়িগুলো ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে পাঁচদফার পক্ষে সরকারের কাছ থেকে সিদ্ধান্ত না আসা পর্যন্ত ভোলার গ্যাস জেলার বাইরে যেতে দেয়া হবেনা।
‘আন্দোলনরত অপর সামাজিক সংগঠন “আগামীর ভোলা”র মুখ্য সংগঠক মীর মোশাররফ অমি বাসস’কে জানান,ভোলার ঘরে ঘরে গ্যাস সংযোগ দেয়া বন্ধ রয়েছে ফ্যাসিষ্ট জমানার একটি অযৌক্তিক বিশেষ আইনের কারণে, যা আ’লীগ সরকারের স্বার্থে প্রণীত ছিলো।  অথচ অন্যান্য এলাকায় শিল্পকারখানায় গ্যাস–সংযোগ বন্ধ থাকলেও ভোলায় তা চলছে। এখন যেহেতু সংসদ কার্যক্রম নেই, তাই অন্তর্বর্তী সরকারের স্বদিচ্ছা থাকলে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করে ভোলার ঘরে ঘরে গ্যাস সংযোগ দেয়া সম্ভব হবে।
সকালে অনুষ্ঠিত ওই অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন-জেলা কমিউনিষ্ট পার্টির সভাপতি মোবাশ্বের উল্যাহ চৌধুরী,মীর মোশাররফ অমি,উপাধ্যক্ষ মাওলানা মোবাশ্বিরুল হক নাঈম,রাহিম ইসলাম,
মাওলানা তরিকুল ইসলাম প্রমূখ। এদিকে বেলা আড়াইটা পর্যন্ত অবস্থান ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। পরে ভোলার অতিরিক্ত পুলিশ সুপার রিপনচন্দ্র শীল ওই এলাকায় এসে আন্দোলনকারীদের সাথে আলোচনা করেন। পরে তার হস্তক্ষেপে সড়ক অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা।
শেয়ার করুন:


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

সার্চ করুন


ক্যাটাগরি


আর্কাইভ