স্টাফ রিপোর্টার।। ভোলার বাপ্তায় বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির ইউনিয়ন সম্মেলন প্রস্তুতি সমাবেশ কে কেন্দ্র করে বিএনপি বিজেপির ধাওয়া পাল্টা ধাওয়া, হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটেছে। এতে ৪ জন আহত হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) বিকালে ভোলার বাপ্তা ইউনিয়নের বোর্ডের ঘর নামক ৫নং ইউনিয়ন পরিষদ মাঠে সম্মেলন প্রস্তুতি সমাবেশ চলাকালে এ ঘটনা ঘটে।

জানা যায়, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি মাস ব্যাপী ইউনিয়ন সম্মেলন প্রস্তুতি কমিটির কর্মসূচি পালন করে আসছিলো। এরই ধারাবাহিকতায় বুধবার ২৭ আগস্ট ভোলার বাপ্পা ইউনিয়নের বোডের ঘর মাঠে পূর্ব নির্ধারিত কর্মসূচী অনুযায়ী সভাস্থলে নেতাকর্মীরা আসতে শুরু করে। এসময় বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে আসা নেতাকর্মীদের পথে পথে বিএনপির নেতাকর্মীরা বাঁধা দেয়। তাতে পাল্টাপাল্টি শ্লোগানে উত্তেজনা ছড়িয়ে পরে। এ সময় উভয় দলের মধ্যে হাতাহাতি, ধাওয়া পাল্টা ধাওয়ার ও মারধরের ঘটনা ঘটে। এসব ঘটনায় বিজেপি ও বিএনপির ৪ কর্মী আহত হয়। আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলেন, মো:মাসুম মিঁয়াজি (৩০), রাকিব (৩৫), ছোটন (২৬) ও জিহাদ (১৭)।
এদিকে সভাস্থলের পাশে ইলিশা – ভোলা আন্তঃমহাসড়কের উপর অবস্থান নিয়ে পাল্টাপাল্টি বিজেপি ও বিএনপি নেতা কর্মীরা মুখোমুখি অবস্থান নিয়ে একে অপরের বিরুদ্ধে শ্লোগান দিতে থাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। এসময় সকল ধরনের যানবাহন বন্ধ হয়ে যায়। বড় ধরনের সংঘর্ষ এড়াতে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু শাহাদাত মোঃ হাসনাইন পারভেজ এর নেতৃত্বে পুলিশ, ডিবি পুলিশ ও র্র্যাব পরিস্থিতি নিয়ন্ত্রন করে।
এ বিষয়ে ভোলা সদর উপজেলা বিজেপির সাধারন সম্পাদক আবুল বাশার বুলবুল বলেন, আমরা প্রশাসনের অনুমতি নিয়ে বিভিন্ন ইউনিয়নে সম্মেলন প্রস্ততি সভা করে আসছি। কিন্তু বিএনপির নেতাকর্মীরা উদ্দেশ্যমূলক ভাবে পাল্টা কর্মসূচি দিয়ে আমাদের সমাবেশ কে পন্ড করার পায়তারা করে আসছে।
এবিষয়ে ঐ ইউনিয়নের বিএনপির সভাপতি মো: মনিরুল হুদা খোকা বলেন, বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ যদি তার দলের নেতাকর্মীদের নিয়ে সমাবেশ করে তাহলে আমাদের কোন বিরোধ নেই, কিন্তু সমাবেশের নামে কোনো আওয়ামী লীগকে পূর্ণবাসন না করা হয়। আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ সোচ্চার আছি।